বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়রের সম্মাননা পেলেন সাংবাদিক জয়নাল ইসলাম
যুক্তরাজ্যের বহুসাংস্কৃতিক সমাজে বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়রের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট পেয়েছেন বাংলাদেশি সাংবাদিক জয়নাল ইসলাম।
সোমবার ১৮ মে বার্মিংহাম সিটি সেন্টারের ভিক্টোরিয়া স্কয়ারে অবস্থিত ঐতিহাসিক কাউন্সিল হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে বার্মিংহামের ১১৫তম লর্ড মেয়র জাফর ইকবাল এমবিই তার হাতে এ সম্মাননা তুলে দেন।
জয়নাল ইসলাম বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং এটিএন বাংলা ইউকের প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নানা বিষয় নিয়ে কাজ করে আসছেন। সংবাদ পরিবেশনে স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে তিনি অভিবাসন, আবাসন সংকট, পারিবারিক সহিংসতা, স্থানীয় অপরাধ, ক্রীড়া এবং প্রবাসীদের সাফল্য ও সম্ভাবনা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে আসছেন।
কমিউনিটির সুখ দুঃখ, অর্জন ও সংকট বিশ্বস্ততার সঙ্গে তুলে ধরার পাশাপাশি তার রিপোর্টিংয়ে ব্রিটিশ মূলধারায় বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তিও প্রতিফলিত হয়েছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্মিংহাম সিটি কাউন্সিলের গ্রেট ব্যার ওয়ার্ড থেকে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত কাউন্সিলর সাদেক মিয়া সমছু। তিনি সাংবাদিক জয়নাল ইসলামের নির্ভীক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন এবং কমিউনিটির কল্যাণে তার ভূমিকার কথা তুলে ধরেন।
সম্মাননা গ্রহণের পর জয়নাল ইসলাম বলেন, এ অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং বার্মিংহামের বাংলা মিডিয়া অঙ্গনে কর্মরত সাংবাদিকদের কাজের প্রতি একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তিনি ভবিষ্যতেও কমিউনিটির স্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৫ জানুয়ারি লন্ডন বাংলা প্রেসক্লাবের আয়োজিত অনুষ্ঠানে বার্মিংহামের সেরা টেলিভিশন সংবাদ প্রতিবেদক হিসেবে মর্যাদাপূর্ণ মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন করেন জয়নাল ইসলাম।