এবারের বাজেট হবে মানবিক বাংলাদেশ গড়ার, বললেন সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আসন্ন জাতীয় বাজেট হবে মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার বাজেট। তিনি বলেন, কাউকে পিছনে ফেলে নয়, বরং সবাইকে সঙ্গে নিয়েই উন্নয়নের পথে এগিয়ে যেতে চায় সরকার।
সোমবার ২০ মে, রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে সিপিডি আয়োজিত জাতীয় বাজেট ২০২৬ ২০২৭, রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা শীর্ষক প্রাক বাজেট সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে প্রায় ৪০ লাখ ২০ হাজার পরিবারকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এই কার্যক্রম সম্পূর্ণ জাতীয় পরিচয়পত্রভিত্তিক ডিজিটাল ব্যবস্থায় পরিচালিত হবে এবং সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি অর্থ পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত মানুষ, হিজড়া জনগোষ্ঠী, দলিত, হরিজন, বেদে সম্প্রদায় এবং চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি শিশু ও নারীদের সুরক্ষায়ও নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
দারিদ্র বিমোচন ও নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচির আওতায় অসচ্ছল নারীদের চাল বিতরণ কার্যক্রমও অব্যাহত রয়েছে।
কৃষি খাত প্রসঙ্গে সমাজকল্যাণমন্ত্রী বলেন, কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে কৃষকদের কৃষি উপকরণ সহায়তা, শস্যবীজ সরবরাহ, শস্যবীমা ও কৃষিঋণের সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। পাশাপাশি দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে বিশেষ করে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। সবার অংশগ্রহণ নিশ্চিত করেই একটি মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই সংলাপে সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, অর্থনীতিবিদ, গবেষক, বেসরকারি খাতের প্রতিনিধি এবং নাগরিক সমাজের নেতারা অংশ নেন।
অনুষ্ঠানে সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সংলাপে আসন্ন জাতীয় বাজেটকে আরও জনমুখী, দক্ষ, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।