সিলেটে হাইকোর্ট বেঞ্চ ও আন্তর্জাতিক ফ্লাইটের দাবি: গণদাবি পরিষদের কঠোর হুঁশিয়ারি
সিলেটে হাইকোর্ট বেঞ্চ এবং সার্কিট ট্রাইব্যুনাল কোর্ট স্থাপন এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি বিমানের সরাসরি ফ্লাইট চালুর জোরালো দাবি জানিয়েছে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’। দাবি বাস্তবায়ন না হলে সংগঠনটি সিলেটবাসীকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।
শনিবার বিকেল ৪টায় নগরীর সমবায় ভবনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত কেন্দ্রীয় কমিটির এক আলোচনা সভায় এই আল্টিমেটাম দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান এবং পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক রুহুল ইসলাম মিটু।
বক্তারা বলেন, সিলেটে পুনরায় হাইকোর্ট বেঞ্চ চালু করা দীর্ঘদিনের একটি ন্যায্য ও প্রাণের দাবি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে একাধিক ট্রাইব্যুনাল কোর্ট ও আদালত থাকলেও সিলেটবাসীর দাবিকে দীর্ঘদিন উপেক্ষা করা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও আইনজীবীরা চরম ভোগান্তির মুখে পড়ছেন। তাই আইনসেবা সহজলভ্য করতে অবিলম্বে হাইকোর্ট বেঞ্চ ও ট্রাইব্যুনাল কোর্ট স্থাপনের দাবি জানান তারা।
বিমানবন্দর প্রসঙ্গে বক্তারা বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বিদেশি বড় বিমান ওঠানামার জন্য পুরোপুরি উপযুক্ত। তবুও বিশেষ মহলের ইশারায় সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালানো হচ্ছে না। চট্টগ্রাম বিমানবন্দরের মতো সিলেটেও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সুযোগ দিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের বিকল্প নেই।
সভায় কেন্দ্রীয় সহ-সভাপতি বেলায়েত আহমদ, মাওলানা আসলাম রাহমানী, সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ. বীর, কেন্দ্রীয় নেতা মোনিম আহমদ, ইনসান আলী, ওসমান গণি, শামীম আহমদ, নিজাম উদ্দিন, শফিক উদ্দিন, শশঙ্ক চন্দ্র সরদার, গুলজার আহমদ, কামিনী বৈদ্য, রিয়াজ উদ্দিন, মাসুম, ময়নুল আহমদ ও কায়েস আহমদ সাগর প্রমুখ বক্তব্য রাখেন।