লেবাননে ইসরাইলি হামলায় নিহত প্রায় তিন হাজার
লেবাননে চলমান ইসরাইলি হামলায় গত মার্চ থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় তিন হাজারে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময়ে নিহত হয়েছেন ২ হাজার ৯৬৯ জন এবং আহত হয়েছেন আরও ৯ হাজার ১১২ জন।
শনিবার প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, ২ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত লেবাননের বিভিন্ন এলাকায় ধারাবাহিক হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী অঞ্চল ছাড়াও আবাসিক এলাকাগুলোতেও হামলা চালানো হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে এবং দেশটিতে মানবিক সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হাসপাতালগুলোতেও বাড়তি চাপ তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়।
এদিকে সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় একাধিকবার আহ্বান জানালেও এখন পর্যন্ত পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। চলমান হামলা ও পাল্টা উত্তেজনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।