পশ্চিমবঙ্গের স্কুলে বাধ্যতামূলক হচ্ছে বন্দে মাতরম, রাখতে হবে ভিডিও প্রমাণ
পশ্চিমবঙ্গের সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে সকালবেলার সমাবেশে বাধ্যতামূলকভাবে বন্দে মাতরম গাওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। একই সঙ্গে নির্দেশনা বাস্তবায়নের প্রমাণ হিসেবে সমাবেশের ভিডিও ধারণ করে সংরক্ষণ করতে বলা হয়েছে।
সম্প্রতি জারি করা শিক্ষা দপ্তরের এক নির্দেশনায় বলা হয়, প্রতিদিন ক্লাস শুরুর আগে শিক্ষার্থীদের সমাবেশে অংশ নিয়ে জাতীয় গান পরিবেশন করতে হবে। বিষয়টি কার্যকরভাবে বাস্তবায়নে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, ১৩ মে জারি করা চিঠির আলোকে প্রতিটি স্কুল প্রধানকে নিশ্চিত করতে হবে যেন সব শিক্ষার্থী সমাবেশে অংশ নেয় এবং নিয়মিতভাবে গান পরিবেশন করা হয়। পাশাপাশি কার্যক্রমের ভিডিও রেকর্ড সংরক্ষণের কথাও বলা হয়েছে।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে নতুন এ নির্দেশনা কার্যকর হবে। শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ ও সাংস্কৃতিক চেতনা জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলে নিয়মিতভাবে জাতীয় সংগীত জন গণ মন গাওয়া হতো। পরে সমাবেশে যুক্ত করা হয় বাংলার মাটি বাংলার জল গানটিও, যা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত হয়েছিল।
নতুন সিদ্ধান্তের পর শিক্ষক মহলে সময় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, প্রতিদিনের নির্ধারিত সমাবেশে জাতীয় সংগীত ও জাতীয় গান একসঙ্গে অন্তর্ভুক্ত করতে অতিরিক্ত সময়ের প্রয়োজন হতে পারে।
শিক্ষা বিশ্লেষকদের মতে, নতুন এ সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের শিক্ষা ও সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে।