কিয়ার স্টারমারের নেতৃত্বে অনাস্থা জানিয়ে পদত্যাগ করলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী
যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি হয়েছে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের পদত্যাগকে ঘিরে। বৃহস্পতিবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক চিঠির মাধ্যমে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
পদত্যাগের কারণ হিসেবে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর আস্থা হারানোর কথা উল্লেখ করেন ওয়েস স্ট্রিটিং। নিজের চিঠিতে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের অংশ হয়ে থাকা তার নৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার আর কোনো আস্থা নেই এবং এ অবস্থায় দায়িত্বে বহাল থাকা সম্মানজনক হবে না। তার এমন প্রকাশ্য অবস্থান যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর পদত্যাগ কিয়ার স্টারমার প্রশাসনের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে লেবার পার্টির ভেতরে নেতৃত্ব নিয়ে যে অসন্তোষ তৈরি হয়েছে, এ ঘটনা সেই সংকটকে আরও গভীর করেছে।
এর আগে সরকারের চারজন জুনিয়র মন্ত্রীও পদত্যাগ করেন এবং তারা কিয়ার স্টারমারকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি লেবার পার্টির অন্তত ৮৬ জন এমপি প্রধানমন্ত্রীর পদত্যাগ বা নেতৃত্ব পরিবর্তনের সময়সূচি ঘোষণার দাবি জানিয়েছেন।
সব মিলিয়ে দলীয় অভ্যন্তরীণ চাপ এবং নেতৃত্ব সংকটের মুখে কিয়ার স্টারমারের রাজনৈতিক অবস্থান আরও চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।