লন্ডনে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের ঈদ পুনর্মিলনী ও কমিউনিটি নেটওয়ার্কিং অনুষ্ঠিত
যুক্তরাজ্যে বসবাসরত সিলেটি কমিউনিটির অংশগ্রহণে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের ঈদ পুনর্মিলনী ও কমিউনিটি নেটওয়ার্কিং অনুষ্ঠান। সোমবার ১১ মে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে আয়োজিত মিট অ্যান্ড গ্রিট শীর্ষক এ অনুষ্ঠানে ট্রাস্টের সদস্য, ট্রাস্টি, কমিউনিটির বিশিষ্টজন এবং বিভিন্ন শ্রেণি পেশার অতিথিরা অংশ নেন।
শতাধিক অতিথির উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। ঈদ পুনর্মিলনীর আনন্দ ভাগাভাগির পাশাপাশি এটি কমিউনিটির পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়।
অনুষ্ঠানে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের চলমান শিক্ষা ও মানবিক কার্যক্রম তুলে ধরা হয়। একই সঙ্গে নতুন সদস্য ও ট্রাস্টিদের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হয় উপস্থিত অতিথিদের সঙ্গে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন ডক্টর সৈয়দ মাশুক আহমদ। পরে ট্রাস্টের চেয়ারম্যান মহিব উদ্দিন স্বাগত বক্তব্যে অতিথিদের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন এবং ট্রাস্টি জামাল উদ্দিন। সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি হাবিবুর রহমান ও ট্রাস্টি কায়সার খান।
বক্তব্যে চেয়ারম্যান মহিব উদ্দিন জানান, গত দুই বছরে প্রায় ৬০ হাজার পাউন্ড সংগ্রহ ও বিতরণের মাধ্যমে চার হাজারের বেশি শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হয়েছে। তিনি বলেন, সিলেট অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং মানবিক উন্নয়নে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ কার্যক্রম আরও বিস্তৃত করতে কমিউনিটির সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পায় সিলেটে অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি বিশেষায়িত স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা। উপস্থিত অতিথিরা এ উদ্যোগের প্রশংসা করেন এবং বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় বক্তব্য দেন সৈয়দ মহিবুর রহমান, দিলওয়ার হুসাইন দিলু, আব্দুল বারী, কাউন্সিলর সৈয়দ আবুল বশর, তোফাজ্জল মিয়া, আবুল লেইছ, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, কায়সার খান, আমিনুল হক জিলু, দিলওয়ার হুসাইন, মামুন রশিদ, শায়েস্তা চৌধুরী, করিম উদ্দিন, আকবর হোসেন, আব্দুল হাই, এ কে ইয়াহইয়া, শামসুল হক, মোহাম্মদ মজনু মিয়া, নাজাম উদ্দিন, সৈয়দুর রহমান বিপুল, সিদ্দিকুর রহমান জয়নাল এবং আরমান আলী।
বক্তারা বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সংগঠনটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজনের মধ্য দিয়ে আন্তরিক ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।