ডিজিটাল দর্শকদের সুরক্ষায় স্বাধীন গণমাধ্যম কমিশনের আশ্বাস তথ্যমন্ত্রীর
ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগের কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা ও মানুষের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে সরকার অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি কার্যকর কমিশন গঠনের পথে এগোচ্ছে।
মঙ্গলবার ১২ মে রাজধানীর তোপখানা রোডের বেঙ্গল সেন্টারে অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার গঠনের আগেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করছে। তিনি জানান, প্রস্তাবিত কমিশন কোনো চাপিয়ে দেওয়া কাঠামো হবে না, বরং সংশ্লিষ্ট সবার অংশগ্রহণের মাধ্যমে এটি গড়ে তোলা হবে।
ডিজিটাল প্ল্যাটফর্মের প্রসারকে একদিকে আশীর্বাদ হিসেবে উল্লেখ করলেও অন্যদিকে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ডিজিটাল দর্শকদের সুরক্ষা নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এআইনির্ভর তথ্য বিভ্রান্তি মোকাবিলায় দায়িত্বশীল সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে এশিয়া পোস্টসহ সব সংবাদমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।
এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদ অনুষ্ঠানে বলেন, দেশে অনলাইন ও মাল্টিমিডিয়া সংবাদমাধ্যমের নিবন্ধন ব্যবস্থা থাকলেও এ খাতের কর্মীদের জন্য এখনো সুস্পষ্ট নীতিমালা নেই। তিনি অনলাইন গণমাধ্যমের জন্য কর্মীবান্ধব নীতিমালা প্রণয়নের দাবি জানান।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শুভেচ্ছা জানান। বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস ও এবি পার্টির প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী ও সাংবাদিক নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।