অনুমতি ছাড়া হজে কঠোর শাস্তি, বাংলাদেশিদের সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়
আসন্ন হজ মৌসুমে সৌদি আরবের নতুন বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার জন্য বাংলাদেশিদের সতর্ক করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে ডিপোর্ট, ভারী জরিমানা ও দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৭ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৭ হিজরি হজকে কেন্দ্র করে সৌদি সরকার অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন কার্যকর করেছে।
নতুন নিয়ম অনুযায়ী, বৈধ অনুমতি ছাড়া কোনো ব্যক্তি হজ পালনের চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হতে পারে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির ওপর ১০ বছর পর্যন্ত সৌদিতে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এছাড়া সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানার বিধানও রাখা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় আরও জানায়, অবৈধ হজযাত্রীদের সহায়তা করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবহন, আবাসন বা অন্য কোনোভাবে সহযোগিতা করলে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। এমনকি অপরাধে ব্যবহৃত যানবাহন বাজেয়াপ্তও করা হতে পারে।
সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরাই মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন। জিলক্বদ মাসের ১ তারিখ থেকে ১৪ জিলহজ্জ পর্যন্ত ভিজিট ভিসাধারীদের মক্কায় প্রবেশ বা অবস্থান নিষিদ্ধ থাকবে।
ধর্ম মন্ত্রণালয় বাংলাদেশি হজযাত্রী ও প্রবাসীদের সৌদি আরবের আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।