আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, বহুমাত্রিক উদ্যোগ সরকারের
দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সমন্বিত পদক্ষেপ নিয়েছে সরকার।
সংসদে এক অধিবেশনে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বিমানবন্দরগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত রয়েছে এবং তা আরও উন্নত করতে ধারাবাহিকভাবে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি জানান, প্রবেশ ও প্রস্থান পথসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং পুরো এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি বহুস্তরভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গোয়েন্দা সংস্থা, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় জোরদারের মাধ্যমে তথ্য আদান-প্রদান বাড়ানো হয়েছে, যা নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করছে বলে জানান তিনি।
নজরদারি বাড়াতে গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে স্ক্যানিং ব্যবস্থা উন্নত করা হয়েছে, যাতে কোনো নিষিদ্ধ বস্তু প্রবেশ করতে না পারে।
মন্ত্রী আরও জানান, সন্ত্রাসবাদ মোকাবিলা ও সাইবার নিরাপত্তা জোরদারে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। এছাড়া আধুনিক ব্যাগেজ সিস্টেম, ইমিগ্রেশন কাউন্টার বৃদ্ধি, জনবল পুনর্বিন্যাস এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা সেবা উন্নত করা হয়েছে।
যাত্রীসেবার দিকেও গুরুত্ব দিয়ে বিমানবন্দরে হেল্প ডেস্ক স্থাপন এবং হয়রানি প্রতিরোধে কঠোর নজরদারি চালুর কথাও উল্লেখ করেন তিনি।