দিল্লিতে উড্ডয়নের সময় ইঞ্জিন ত্রুটি, ফ্লাইট বাতিল, আহত ৫
দিল্লি থেকে জুরিখগামী একটি যাত্রীবাহী ফ্লাইট উড্ডয়নের সময় ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় তা বাতিল করা হয়েছে, এতে জরুরি নির্গমনের সময় পাঁচজন আহত হয়েছেন।
রোববার দিবাগত রাত প্রায় ১টার দিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় এ ঘটনা ঘটে।
সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের এক বিবৃতিতে জানানো হয়, এলএক্স১৪৭ নম্বর ফ্লাইটটি রানওয়েতে গতি নেওয়ার সময় একটি ইঞ্জিনে সমস্যা ধরা পড়ে। পরিস্থিতি বিবেচনায় পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিল করেন এবং নিরাপত্তার স্বার্থে যাত্রীদের দ্রুত নামিয়ে আনার সিদ্ধান্ত নেন।
জরুরি নির্গমনের সময় চারজন যাত্রী এবং একজন ক্রু সদস্য আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
বিমানে মোট ২২৮ জন যাত্রী, চারজন শিশু এবং ১৩ জন ক্রু সদস্য ছিলেন। প্রাথমিকভাবে আহতের সংখ্যা ছয়জন বলা হলেও পরে তা সংশোধন করে পাঁচজন করা হয়।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রানওয়েতে চলার সময় ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
ঘটনার পর বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হলেও কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং রানওয়ের কার্যক্রম পুনরায় চালু করা হয়।
এ ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।