বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক যাত্রা সোমবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দীর্ঘ প্রতীক্ষা ও নানা প্রক্রিয়া শেষে অবশেষে বগুড়া পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হওয়ার বাস্তব রূপ পাচ্ছে।
সোমবার ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় উপস্থিত হয়ে নবগঠিত সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার উজ্জ্বল হোসেন জানান, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সময়েই উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হবে।
ঐতিহাসিকভাবে প্রায় দেড়শ বছরের পুরোনো বগুড়া পৌরসভা ২০০৬ সালে তৎকালীন সরকারের সময়ে পার্শ্ববর্তী ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে আয়তনে বিস্তৃত হয়। তখন এর আয়তন দাঁড়ায় ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার এবং ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বৃদ্ধি পেয়ে ২১টিতে উন্নীত হয়।
সেই সময় থেকেই বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা থাকলেও প্রশাসনিক জটিলতায় তা দীর্ঘদিন বাস্তবায়িত হয়নি। পরবর্তী সময়ে স্থানীয় জনগণের পক্ষ থেকে একাধিকবার দাবি উত্থাপিত হলেও তা আলোর মুখ দেখেনি।
অন্তর্বর্তীকালীন সময়ে জেলা প্রশাসনের উদ্যোগে নতুন করে প্রস্তাব উত্থাপন করা হয় এবং গণবিজ্ঞপ্তি জারি করে স্থানীয় জনগণের মতামত গ্রহণ ও আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত প্রতিবেদন প্রেরণ করা হয়।
এর ধারাবাহিকতায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সচিব পর্যায়ের সভায় বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন পায়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উন্নীতকরণের মাধ্যমে বগুড়ার নগর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবার মান আরও শক্তিশালী হবে, যা অঞ্চলটির সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।