আগামী বছর হজের খরচ আরও কমাতে উদ্যোগ, প্রধানমন্ত্রীর ঘোষণা
আগামী বছর হজযাত্রীদের খরচ আরও কমাতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের সময় স্বল্প থাকায় এ বছরের হজ ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের সুযোগ ছিল না। তারপরও সীমিত সময়ের মধ্যে চেষ্টা চালিয়ে প্রায় ১২ হাজার টাকা পর্যন্ত ব্যয় কমানো সম্ভব হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী বছর আরও পরিকল্পিতভাবে কাজ করে হজযাত্রীদের ব্যয় কমানো যাবে এবং তাদের ভোগান্তিও কমানো সম্ভব হবে।
হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করার আহ্বান জানান এবং তাদের সুস্থভাবে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর রাত ১২টা ২০ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে।