সংকটাপন্ন রোগী দ্রুত ঢাকায় পাঠাতে জেলা হাসপাতালগুলোকে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ
দেশের সব জেলা হাসপাতালকে সংকটাপন্ন রোগীদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিশেষ নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন।
শুক্রবার ১৭ এপ্রিল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের আগে থেকেই নির্দেশ দেওয়া রয়েছে, কোনো রোগীর অবস্থা গুরুতর মনে হলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানাতে হবে। এতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রোগীকে রাজধানীতে স্থানান্তর করা সম্ভব হয়।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বরিশালে সন্তান প্রসবের পর এক রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ার খবর পেয়ে দ্রুত তাকে ঢাকায় আনা হয়েছে। বর্তমানে মা ও নবজাতক দুজনই চিকিৎসাধীন রয়েছেন।
রোগীর জটিলতা বিবেচনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।