এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব, স্পষ্ট করল শিক্ষা মন্ত্রণালয়
আসন্ন এসএসসি পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রুটিন না দেওয়ার তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শুক্রবার ১৭ এপ্রিল এক তথ্য বিবরণীতে মন্ত্রণালয় এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রদান করে।
বিবরণীতে বলা হয়, নকল প্রতিরোধের জন্য পরীক্ষার রুটিন প্রকাশ না করা হবে বা পরীক্ষার বিষয় আগে থেকে জানানো হবে না এমন কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এ ধরনের তথ্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও উল্লেখ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অসত্য তথ্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং নির্ভরযোগ্য উৎস ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার পরামর্শ দিয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, এসএসসি পরীক্ষা যথারীতি নির্ধারিত নিয়ম ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব তথ্য সরকারি মাধ্যমেই প্রকাশ করা হবে।