সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু
সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মাছের প্রজনন বৃদ্ধি নিশ্চিত করতে বঙ্গোপসাগরে ৫৮ দিনের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
বুধবার ১৫ এপ্রিল মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, যা আগামী ১১ জুন পর্যন্ত বহাল থাকবে।
সরকারের এই সিদ্ধান্তের ফলে সমুদ্রগামী সকল ট্রলার ও নৌযানের মাছ ধরা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এর মূল লক্ষ্য দেশের সামুদ্রিক জলসীমায় বিভিন্ন প্রজাতির মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা।
পূর্বে প্রতিবছর দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা কার্যকর থাকলেও জেলেদের দাবির প্রেক্ষিতে সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে। পার্শ্ববর্তী দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বর্তমানে তা কমিয়ে ৫৮ দিনে নির্ধারণ করা হয়েছে, যাতে দেশের জেলেরা প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে।
নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের জীবিকা সুরক্ষায় সরকার বিশেষ সহায়তা কর্মসূচি চালু করেছে। উপকূলীয় ১৪ জেলার ৬৭টি উপজেলা এবং চট্টগ্রাম মহানগরের মোট তিন লাখের বেশি জেলেকে প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেওয়া হবে ভিজিএফ কর্মসূচির আওতায়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সমুদ্রে নজরদারি জোরদার করবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গত বছর একই সময়সীমায় ব্যাপক অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ জাল ও মাছ জব্দ করা হয় এবং আইন লঙ্ঘনের ঘটনায় মামলা, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদে সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং মৎস্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।