এনবিআর চেয়ারম্যানের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, সতর্ক করল রাজস্ব বোর্ড
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
সম্প্রতি একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারকরা বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার ১৬ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. আবদুর রহমান খানের পরিচয় ব্যবহার করে একটি মোবাইল নম্বর থেকে যোগাযোগ করা হচ্ছে এবং বিশ্বাসযোগ্যতা তৈরি করতে তার ছবি ব্যবহার করা হচ্ছে। ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এসেছে।
রাজস্ব বোর্ড জানায়, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড নতুন নয়। এর আগেও একই কৌশলে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থ আদায়ের চেষ্টা চালানো হয়েছিল।
এ অবস্থায় এনবিআরের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ জনগণকে অপরিচিত নম্বর থেকে আসা এ ধরনের বার্তা বা অর্থ দাবির বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি কেউ যেন প্রতারকদের ফাঁদে পা না দেন, সে বিষয়ে সচেতন থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।