জ্বালানি সংকটে স্থগিত বার কাউন্সিল নির্বাচন
দেশব্যাপী তীব্র জ্বালানি সংকটের কারণে নির্ধারিত বার কাউন্সিল নির্বাচন স্থগিত করা হয়েছে।
বুধবার ১৫ এপ্রিল বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে আগামী ১৯ মে সাধারণ আসনের ৭টি এবং আঞ্চলিক আসনের ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি সংকটের কারণে প্রার্থীদের সারাদেশে প্রচারণা কার্যক্রম পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হতে পারে। এতে নির্বাচনের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন বার সমিতির পক্ষ থেকে নির্বাচন স্থগিতের অনুরোধ জানানো হয়েছিল, যা সিদ্ধান্ত গ্রহণে বিবেচনায় নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২ এপ্রিল অনুষ্ঠিত এক সভায় ২০২৬ সালের সদস্য নির্বাচন উপলক্ষে ১৯ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল। ওই সভায় সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।