সরকারপ্রধানের সঙ্গে ছবি নিয়ে ট্যাগ নয়, তথ্যভিত্তিক সমালোচনার আহ্বান আনিস আলমগীরের
সরকারপ্রধান বা রাষ্ট্রপতির সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করে কাউকে ট্যাগ করা অনুচিত বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর।
বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সমালোচনা করতে হলে ব্যক্তির কাজ ও কর্মকাণ্ডের ভিত্তিতে করা উচিত, ব্যক্তিগত ছবি বা উপস্থিতি নিয়ে নয়।
তিনি উল্লেখ করেন, কৃষিবিষয়ক সাংবাদিক শাইখ সিরাজ বিভিন্ন সময় ভিন্ন রাজনৈতিক সরকারের কাছ থেকে রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন, যা তার পেশাগত গ্রহণযোগ্যতার প্রমাণ। তার মতে, একজন সাংবাদিকের জন্য বিভিন্ন মহলে গ্রহণযোগ্যতা থাকা একটি গুরুত্বপূর্ণ গুণ।
আনিস আলমগীর বলেন, অতীতে শাইখ সিরাজ সরকারের শীর্ষ পর্যায়ের সাক্ষাৎকার গ্রহণের সময় পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন এবং বিষয়ভিত্তিক উপস্থাপনায় দক্ষতা দেখিয়েছেন।
তিনি আরও বলেন, সমালোচনা যদি করতেই হয়, তবে তা হওয়া উচিত তথ্যভিত্তিক ও দায়িত্বশীল। কোনো প্রতিবেদনে ভুল বা পক্ষপাত থাকলে সেটি নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু কে কার সঙ্গে দেখা করলেন বা ছবি তুললেন তা নিয়ে বিতর্ক সৃষ্টি করা অপ্রাসঙ্গিক।
পোস্টে তিনি মত দেন, রাষ্ট্রীয় পদ বা দায়িত্বকে ব্যক্তি থেকে আলাদা করে দেখা উচিত এবং সেই প্রেক্ষিতেই মূল্যায়ন করা প্রয়োজন।