শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না আশুলিয়া-সাভারের বিস্তীর্ণ এলাকায়
জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের কারণে শুক্রবার দেশের বিভিন্ন এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
৯ এপ্রিল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় জরুরি পাইপলাইন স্থানান্তরের কাজ পরিচালিত হবে। এ কারণে শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা নির্দিষ্ট এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ থাকবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার দুই পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো শিল্প কমপ্লেক্স, কাশিমপুর, সারদাগঞ্জ, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, রেডিও কলোনি, কলমা, দোসাইদ, আক্রান, চারাবাগসহ আশুলিয়া ও সাভারের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে।
এ ছাড়া নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ এলাকা, ভাদাইল, লতিফপুরসহ আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানানো হয়েছে।
তিতাস গ্যাস জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হওয়ার পর পুনরায় স্বাভাবিক সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।