দেশজুড়ে কালবৈশাখীর সতর্কতা, ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার রাতে সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী জানানো হয়েছে, রাত ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে দেশের একাধিক বিভাগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সময় বজ্রপাত ও কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে সতর্ক করা হয়েছে। তিনি আরও বলেন, এই মৌসুমে সাধারণত বিকাল থেকে রাত অথবা সকালে হঠাৎ কালোমেঘ জমে ঝড়ের সৃষ্টি হয়, তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে হাওড় অঞ্চলে মাঠে কর্মরত কৃষকদের নিরাপত্তার বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
এদিকে রাত পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তরের মাসিক পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে পাঁচ থেকে সাত দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং এক থেকে তিনটি তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে, যা আবহাওয়ার পরিস্থিতিকে অস্থির করে তুলতে পারে।