শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে আজ নতুন নির্দেশনা
জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন পাঠদানের বিষয়ে নতুন নির্দেশনা দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, যাতে শিক্ষা কার্যক্রম সচল রাখা সম্ভব হয়।
রোববার ৬ এপ্রিল, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পৃথক নির্দেশনা দেবে এবং এ প্রক্রিয়া আজ থেকেই শুরু হবে।
তিনি বলেন, কিছু বিষয়ে আলোচনা প্রয়োজন হওয়ায় আলাদা নির্দেশনা প্রস্তুত করা হচ্ছে, তবে শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয় সেটিই প্রধান বিবেচ্য বিষয় হিসেবে রাখা হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ব্যয় সংকোচনমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে ছয় দিনের ক্লাসের মধ্যে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীরে পাঠদানের ব্যবস্থা রাখা হতে পারে। এক দিন অনলাইন ক্লাস হলে পরদিন সরাসরি ক্লাস নেওয়ার ধারণাও বিবেচনায় রয়েছে। অনলাইন ক্লাস হলেও শিক্ষকরা প্রতিষ্ঠানেই উপস্থিত থেকে পাঠদান করবেন এবং ব্যবহারিক ক্লাস সরাসরি পরিচালিত হবে।
এছাড়া শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে ঢাকাসহ বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিদ্যুৎচালিত বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব বাস আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হবে, তবে বাণিজ্যিকভাবে আমদানি করলে নির্ধারিত হারে শুল্ক প্রযোজ্য হবে এবং বাসগুলো নতুন হতে হবে।
সম্প্রতি দীর্ঘ ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরই নতুন এই পরিকল্পনা সামনে এসেছে। জ্বালানি সাশ্রয় ও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার মধ্যে সমন্বয় করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।