জ্বালানি সংকটে শপিংমল ও মার্কেট খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত
জ্বালানি সংকট মোকাবিলায় দেশের শপিংমল ও মার্কেটের কার্যক্রমে নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার, যাতে ব্যবসা ও বিদ্যুৎ সাশ্রয়ের মধ্যে ভারসাম্য রাখা যায়।
সোমবার ৬ এপ্রিল, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বের সময়সূচির পরিবর্তে এখন থেকে শপিংমল ও মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।
মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক মন্ত্রিপরিষদ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এর আগে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা ছিল।
এ সিদ্ধান্তের পেছনে ব্যবসায়ীদের দাবির বিষয়টি গুরুত্ব পেয়েছে। ৪ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধিরা সময় বাড়ানোর অনুরোধ জানান, যার পরিপ্রেক্ষিতে সরকার এই নতুন সময়সূচিতে সম্মতি দেয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে কার্যক্রম শেষ করবে। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোও এই সময়ের মধ্যে বন্ধ রাখতে হবে।
এছাড়া চলমান ও ভবিষ্যতে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর ক্ষেত্রেও একই সময়সীমা প্রযোজ্য হবে।
নির্দেশনাগুলো বাস্তবায়নে জেলা প্রশাসক ও সিটি করপোরেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।