তাপপ্রবাহের তীব্রতা কমছে, মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টির সম্ভাবনা
দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও এর বিস্তৃতি ও তীব্রতা কিছুটা কমে এসেছে, ফলে স্বস্তির আভাস মিলছে আবহাওয়ায়।
শনিবার ৪ এপ্রিল, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এদিন দেশের ১৫টি জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে, যেখানে আগের দিন এ সংখ্যা ছিল ২৭। তাপমাত্রাও আগের দিনের তুলনায় কিছুটা কমেছে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, খুলনা বিভাগের বেশিরভাগ জেলার পাশাপাশি টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালীতে তাপপ্রবাহের প্রভাব রয়েছে। তবে আগামী রোববার ও সোমবার তাপমাত্রা আরও কমে আসতে পারে এবং তাপপ্রবাহের বিস্তৃতিও হ্রাস পাবে।
তিনি বলেন, মঙ্গলবার থেকে সারাদেশে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা কমিয়ে কয়েকদিনের জন্য তাপপ্রবাহের পরিস্থিতি দূর করতে পারে।
এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় কিছুটা কম। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে সামান্য বৃষ্টিপাতও হয়েছে। সিলেটে সর্বোচ্চ ৮৩ মিলিমিটার এবং শ্রীমঙ্গলে ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
আবহাওয়াবিদদের মতে, সাম্প্রতিক বছরগুলোর মতো দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের আশঙ্কা এবার কম। কারণ তাপপ্রবাহের মাঝেই মাঝে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হবে।
আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি হলে মৃদু, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি হলে তীব্র এবং ৪২ ডিগ্রির বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।