রোববার থেকে ব্যাংকের নতুন সময়সূচি কার্যকর
দেশজুড়ে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকিং খাতে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় রোববার থেকে এ নতুন সময়সূচি কার্যকর হবে।
শনিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত পরিপত্র জারি করে জানায়, লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। একই সঙ্গে দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
নতুন এই সময়সূচি সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে। এর আগে সাধারণ সময়ে ব্যাংকের লেনদেন বিকাল ৪টা পর্যন্ত এবং দাপ্তরিক কার্যক্রম সন্ধ্যা পর্যন্ত চলত।
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সম্প্রতি সরকারি অফিসের সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করে। একই সঙ্গে বিপণিবিতান ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্বব্যাপী জ্বালানি পরিস্থিতির অস্থিরতার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ অবস্থায় জ্বালানি সাশ্রয় ও ব্যয় নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন খাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করছে।
এর অংশ হিসেবে সরকারি ব্যয় কমানো, অপ্রয়োজনীয় ক্রয় ও ভ্রমণ সীমিত করা এবং প্রশিক্ষণ কার্যক্রম হ্রাসসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।