ইরানি হামলায় দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী জাহাজে আগুন, হতাহত নেই
সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা একটি কুয়েতি তেলবাহী জাহাজে হামলার ঘটনায় আগুন লাগার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার রাষ্ট্রীয় সূত্রে জানানো হয়, বন্দরের নোঙর এলাকায় অবস্থানরত কুয়েতের একটি বৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়, যার ফলে জাহাজে আগুন ধরে যায়।
কুয়েতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির বরাতে দেশটির বার্তা সংস্থা জানায়, ঘটনাটি পরিকল্পিত হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, সম্ভাব্য আকাশপথের হুমকি মোকাবিলায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। তারা শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।
সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।