যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হুমকি, থানায় জিডি
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মঙ্গলবার রাজধানীর ডেমরা থানায় অনলাইনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
জিডিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে যাত্রী নিরাপত্তা, দুর্ভোগ ও ভোগান্তি লাঘবে কাজ করে আসছেন মোজাম্মেল হক চৌধুরী। তবে সাম্প্রতিক সময়ে ঈদুল ফিতর উপলক্ষে বাড়তি ভাড়া আদায় ও সড়ক দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর পরিবহন মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট বিভিন্ন মহল থেকে তাকে অব্যাহতভাবে হুমকি দেওয়া হচ্ছে।
সংগঠনটির অভিযোগ, সোমবার সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর কিছু অজ্ঞাত ব্যক্তি তার গতিবিধি পর্যবেক্ষণ করছে। তারা তার বাসা, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে ঘোরাফেরা করছে এবং পরিবারের সদস্যদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছে।
এমন পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডেমরা থানায় জিডি করেন তিনি।
এছাড়া এক ভিডিও বার্তায় তিনি তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।