সংসদের কেনাকাটায় সতর্ক থাকার নির্দেশ কমিটির
জাতীয় সংসদ সচিবালয়ের বিভিন্ন কেনাকাটায় অতীতের বিতর্কিত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সংসদ কমিটি।
সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, সংসদের আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী কেনাকাটায় গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি ক্রয়মূল্য যেন যুক্তিসংগত হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, অতীতে বালিশ, পর্দা বা অন্যান্য কেনাকাটাকে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, সেসব ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
বৈঠকে সংসদের সাউন্ড সিস্টেম বিকল হওয়ার বিষয়েও আলোচনা হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং আগামী ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানানো হয়েছে। প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া সংসদ ভবনের সুপেয় পানির সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান চিফ হুইপ। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই সব সংসদ সদস্য আবাসনে উঠতে পারবেন।
বৈঠকে আরও দুটি সাব-কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে সংসদের সাউন্ড সিস্টেমের সমস্যা চিহ্নিত করতে রকিবুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে। অন্যদিকে সংসদ ভবনের ক্যান্টিনের খাবারের মান, পানির গুণগত মান এবং আসবাবপত্রের মান যাচাইয়ে নায়াব ইউসুফ আহমেদকে আহ্বায়ক করে আরেকটি সাব-কমিটি গঠন করা হয়েছে।