ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বিনিয়োগ ও কারিগরি সহায়তা চায় বাংলাদেশ
বাংলাদেশের ক্রীড়া খাতের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে চীনের বিনিয়োগ ও কারিগরি সহায়তা চেয়েছে সরকার।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রস্তাবিত স্পোর্টস ইনস্টিটিউটে চীনের বিনিয়োগ আহ্বান জানান এবং ভলিবল, আর্চারি ও শুটিংয়ের মতো ইভেন্টে দক্ষ চীনা কোচ ও আধুনিক প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি জানান, বর্তমান সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাধুলাকেও সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে। খেলোয়াড়দের জন্য বিশেষ ক্রীড়া ভাতা এবং ডিজিটাল ক্রীড়া কার্ড কর্মসূচি চালু করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী চীনের জাতীয় পুরুষ ফুটবল দলকে বাংলাদেশে একটি প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানান এবং দেশের ক্রমবর্ধমান স্পোর্টস ইন্ডাস্ট্রিতে চীনের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
প্রতিমন্ত্রীর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের ক্রীড়া খাতে গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি স্পোর্টস ইনস্টিটিউট ও যুব প্রশিক্ষণ কেন্দ্রে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং ক্রীড়া সরঞ্জাম ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া, চীনের জাতীয় ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।