সারা বছর অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ আসছে
আগামী অর্থবছর থেকে সারা বছরব্যাপী অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ চালু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ তথ্য জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
মঙ্গলবার এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারিত থাকলেও ভবিষ্যতে এ নির্দিষ্ট সময়সীমা থাকবে না।
তিনি জানান, নতুন ব্যবস্থায় বছরকে চারটি প্রান্তিকে ভাগ করে রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হবে। প্রথম প্রান্তিকে যারা রিটার্ন জমা দেবেন, তারা কর ছাড় সুবিধা পাবেন। দ্বিতীয় প্রান্তিকে দাখিলকারীরা নিয়মিত করদাতা হিসেবে বিবেচিত হবেন। তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে রিটার্ন দাখিলকারীদের তুলনামূলক বেশি কর দিতে হবে।
এনবিআর চেয়ারম্যান বলেন, এতে করদাতারা নিজেদের সুবিধামতো সময়ে রিটার্ন দাখিলের সুযোগ পাবেন এবং স্বেচ্ছায় সময়মতো কর দেওয়ার প্রবণতা বাড়বে।
চলতি করবর্ষের রিটার্ন দাখিলের শেষ দিন উল্লেখ করে তিনি জানান, এখন পর্যন্ত প্রায় ৪২ লাখ করদাতা রিটার্ন জমা দিয়েছেন। এছাড়া প্রায় ২০ হাজার করদাতা সময় বৃদ্ধির জন্য আবেদন করেছেন।
তিনি আরও বলেন, আইন অনুযায়ী কর অঞ্চলের কর্মকর্তা সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় বাড়ানোর আবেদন অনুমোদন করতে পারেন। সে অনুযায়ী অনুমোদন পেলে আগামী ৩০ জুন পর্যন্ত রিটার্ন দাখিল করা যাবে।
রাজস্ব আদায় বাড়াতে সুশাসন নিশ্চিত করা এবং কর ফাঁকি রোধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, গত বছরের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রায় ২৮ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।