সংসদে সাউন্ড বিভ্রাটে নাশকতার সন্দেহ, তদন্তে তিন সদস্যের কমিটি
ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে সাউন্ড সিস্টেমে অস্বাভাবিক বিভ্রাটের ঘটনায় নাশকতার আশঙ্কা দেখা দেওয়ায় তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার ২৮ মার্চ সংসদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং আগামী ৩ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠক শেষে চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের জানান, সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে গঠিত এই কমিটি দুটি বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত করবে, বিভ্রাটের পেছনে কোনো নাশকতা ছিল কি না এবং সাউন্ড সিস্টেমে প্রকৃত কারিগরি ত্রুটি কোথায়।
তিনি বলেন, সংসদের প্রথম দিনের অধিবেশনেই শব্দযন্ত্রের ত্রুটির কারণে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। পরদিনও সাউন্ড সিস্টেম ও হেডফোন নিয়ে সংসদ সদস্যদের অসন্তোষ প্রকাশ পায়।
চিফ হুইপ আরও জানান, বিষয়টির কারিগরি দিক যাচাইয়ে বিশেষজ্ঞদের যুক্ত করা হচ্ছে এবং এ লক্ষ্যে বুয়েটের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি বলেন, বর্তমান হেডফোন ব্যবস্থাও ব্যবহারকারীদের জন্য অস্বস্তিকর, তাই এটি পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এছাড়া বৈঠকে সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা সুবিধা নিয়েও আলোচনা হয়েছে। সংশ্লিষ্টদের জন্য আবাসন নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সরঞ্জাম দ্রুত সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
পরবর্তী বৈঠক আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংসদ কমিটি।