দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি
দেশের সব বিভাগেই আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, একই সঙ্গে তাপমাত্রা কমার পূর্বাভাসও দেওয়া হয়েছে।
শনিবার ২৮ মার্চ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে, যার প্রভাবে এই আবহাওয়া পরিবর্তন ঘটছে।
গত ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে দিনাজপুরে, যেখানে ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।