ইরান পরিস্থিতি নিয়ে পেজেশকিয়ানের সঙ্গে শেহবাজের ফোনালাপ
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, যেখানে আঞ্চলিক পরিস্থিতি ও শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে।
শনিবার ২৮ মার্চ দেওয়া এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, প্রায় এক ঘণ্টার এই আলাপে তিনি ইরানের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইসরাইলি হামলার নিন্দা জানান। একই সঙ্গে তিনি অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার বিষয়টি তুলে ধরেন।
তিনি আরও উল্লেখ করেন, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সংলাপের পথ সহজ করতে পাকিস্তান সক্রিয়ভাবে কাজ করছে এবং এ প্রচেষ্টার প্রতি ইতিবাচক সাড়া দেওয়ায় ইরানের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলমান পরিস্থিতি নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রোববার শুরু হওয়া দুই দিনের এই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, যুদ্ধ পরিস্থিতি এবং সম্ভাব্য কূটনৈতিক সমাধান নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা যুদ্ধবিরতির পরিকল্পনা তেহরানের কাছে পৌঁছে দিয়েছে ইসলামাবাদ, যা চলমান কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।