পুলিশের পোশাক পরিবর্তনে সিদ্ধান্ত আসছে শিগগির, সন্তুষ্ট নয় বাহিনী
বাংলাদেশ পুলিশ বাহিনীর বর্তমান পোশাক নিয়ে অসন্তোষ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার ২৮ মার্চ দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বর্তমান পোশাক নিয়ে বাহিনীর সদস্যরা সন্তুষ্ট নন, তাই ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি পোশাক পুনর্বিবেচনায় নেওয়া হচ্ছে। বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়, বরং জনগণের আস্থাভাজন একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। পুলিশকে দলীয় প্রভাবমুক্ত রেখে আধুনিক ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতে পুলিশ সংস্কারের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, ইতোমধ্যে একটি পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যা বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কাজ করছে। এ উদ্যোগের সুফল শিগগিরই দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের ৭২ জন সহকারী পুলিশ সুপার প্রশিক্ষণ সম্পন্ন করে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হয়েছেন।