তারেক রহমানের মানবিক রাজনীতি বিশ্ব রাজনীতিতে বিরল বললেন ভূমি প্রতিমন্ত্রী
মানবিকতা ও সরল জীবনধারার মাধ্যমে রাজনীতিতে ভিন্নধর্মী দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমন মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘ সময় একসঙ্গে কাজ করার অভিজ্ঞতায় তারেক রহমানকে একজন সাদামাটা, মানবিক ও নীতিনিষ্ঠ নেতা হিসেবে দেখা গেছে। মানুষের কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য এবং সেই আদর্শ ধরে রেখেই তিনি রাজনীতিতে সফলতা অর্জন করেছেন।
তিনি বলেন, ব্যক্তিগত জীবনে বিনয়ী ও সাধারণ জীবনযাপন বজায় রেখেও তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখছেন। তার রাজনৈতিক দর্শন ও মানবিক গুণাবলি শুধু দেশের নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিরল উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে।
অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সহায়তা প্রদান করা হয়। শহীদ জামালের কন্যার বিয়ের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া এক শিক্ষার্থীর পড়াশোনার জন্য সহযোগিতা ঘোষণা করা হয়। এছাড়া অসুস্থ এক শিশুর চিকিৎসার জন্যও সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের জন্য নিয়মিত সহায়তার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। অনুষ্ঠানের মাধ্যমে মানবিক সহায়তার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।