ইতিহাসের শিক্ষা নিয়ে ভবিষ্যৎ পথ নির্ধারণের আহ্বান জানালেন তথ্যমন্ত্রী
ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেই দেশের বর্তমান ও ভবিষ্যৎ পথচলা নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনাই দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।
শুক্রবার ২৭ মার্চ তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
মন্ত্রী বলেন, সাম্প্রতিক রাজনৈতিক অভিজ্ঞতাসহ অতীতের বিভিন্ন ঘটনার শিক্ষা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জনগণের আস্থা ধরে রাখতে হলে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণকে সর্বাগ্রে রাখতে হবে। জনগণের স্বার্থ ও প্রত্যাশা থেকে বিচ্যুতি ঘটলে যে কোনো সরকারই টেকসই হতে পারে না।
অনুষ্ঠানে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক এবং ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মিজানুর রহমানসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। কনস্যুলেটে পৌঁছালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।
এর আগে তুরস্ক সরকারের আমন্ত্রণে আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশ নিতে ২৬ মার্চ ইস্তাম্বুলে পৌঁছান তিনি। ২৭ ও ২৮ মার্চ দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং কর্মসূচি শেষে আগামী ৩০ মার্চ দেশে ফেরার কথা রয়েছে।