কৃষকদের জন্য চালু হচ্ছে বিশেষ কার্ড, মিলবে আর্থিক সহায়তা ও বহুমুখী সুবিধা
দেশের কৃষি খাতে স্বচ্ছতা ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। কৃষকদের সরাসরি সহায়তা পৌঁছে দিতে চালু করা হচ্ছে কৃষক কার্ড, যার মাধ্যমে আর্থিক সহায়তার পাশাপাশি বিভিন্ন সুবিধা দেওয়া হবে।
শুক্রবার ২৭ মার্চ জানা যায়, কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ২১ হাজারের বেশি কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। আট বিভাগের ১১টি উপজেলার নির্বাচিত ব্লকে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হচ্ছে।
এই কর্মসূচির উদ্বোধন আগামী ১ বৈশাখ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রতিটি কৃষক পরিবার একটি করে কার্ড পাবে এবং ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে। জনপ্রতি আড়াই হাজার টাকা করে এই সহায়তা নির্ধারণ করা হয়েছে।
কার্ডের মাধ্যমে কৃষকরা সার, বীজ, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের খামারিরাও এই সুবিধার আওতায় থাকবেন।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এই কার্ডের মাধ্যমে কৃষকরা অন্তত ১০ ধরনের সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে ন্যায্যমূল্যে উপকরণ সংগ্রহ, ভর্তুকি ও প্রণোদনা, সাশ্রয়ী সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ, কৃষি বীমা, পণ্যের ন্যায্যমূল্যে বিক্রি, প্রশিক্ষণ এবং আবহাওয়া ও রোগবালাই সংক্রান্ত তথ্য সেবা।
এ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, বন বিভাগ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে সম্পৃক্ত করা হচ্ছে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো গাছ লাগানো ও কৃষি কার্যক্রমের উপযুক্ত স্থান নির্ধারণে সহযোগিতা করবে।
প্রতিটি কৃষকের জন্য ব্যাংক হিসাব খোলা হবে এবং কার্ডটি ডেবিট কার্ড হিসেবেও ব্যবহার করা যাবে। সরকারি সহায়তার অর্থ নির্দিষ্ট খাতে ব্যয়ের জন্য সীমাবদ্ধ রাখা হবে, যাতে অপব্যবহার রোধ করা যায়।
সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী চার বছরে দেশের প্রায় এক কোটি ৬৫ লাখ কৃষকের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। এতে কৃষি সহায়তা সরাসরি প্রকৃত কৃষকের কাছে পৌঁছানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।