সিলেট গ্যাস ফিল্ডে স্বাধীনতা দিবস উদযাপন, শ্রদ্ধা ও আয়োজনের মধ্য দিয়ে পালিত মহান দিন
সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের প্রধান কার্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার ২৬ মার্চ সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সকাল ৮টা ৩৫ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক বলেন, মহান মুক্তিযুদ্ধ ছিল জাতির অস্তিত্ব রক্ষার লড়াই এবং শহীদদের আত্মত্যাগের বিনিময়েই স্বাধীন বাংলাদেশের সূচনা। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে দায়িত্বশীলভাবে কাজ করার মধ্য দিয়েই শহীদদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন সম্ভব।
পরে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা থেকে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।