সাপ্তাহিক ছুটির দিনেও চালু থাকবে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান
রমজান মাসের ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার, সাপ্তাহিক ছুটির দিনেও প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার ২৪ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রে জানানো হয়, রমজানের ছুটি শেষে শ্রেণি কার্যক্রম শুরুর পর টানা ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চালু থাকবে।
মন্ত্রণালয়ের উপপরিচালক মো. অয়নাল আবেদীনের সই করা নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের শেখার ঘাটতি পূরণে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।
এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, অতিরিক্ত এই ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা রমজানকালীন ছুটির কারণে পিছিয়ে পড়া পড়াশোনা দ্রুত কাটিয়ে উঠতে পারবে।