ঈদযাত্রায় স্বস্তি, নির্ধারিত ভাড়ার চেয়েও কমে লঞ্চ ভাড়া
ঈদকে কেন্দ্র করে দেশের নৌপথে যাত্রীসেবায় স্বস্তির চিত্র দেখা গেছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান।
সোমবার ২৩ মার্চ রাতে বরিশাল নৌ বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, এবারের ঈদযাত্রায় অতীতের তুলনায় ভোগান্তি কম হয়েছে এবং নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়ার বিষয়টি বাস্তবে দেখা গেছে।
তিনি জানান, লঞ্চ ভাড়া দশ শতাংশ কমানোর নির্দেশনা কার্যকর হয়েছে কিনা তা সরেজমিনে যাচাই করা হয়েছে এবং ডেক ও কেবিনে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি।
নৌ প্রতিমন্ত্রী বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সৎভাবে দায়িত্ব পালনের চেষ্টা করা হচ্ছে এবং এর মূল্যায়ন জনগণই করবেন।
যাত্রীসেবার মান উন্নয়নে লঞ্চের সামনে যাত্রী ডাকা বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত যাত্রী বহন বা যাত্রীদের জোরপূর্বক ওঠানোর অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
টার্মিনাল ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, একটি লঞ্চের পেছনে আরেকটি লঞ্চ ভিড়তে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া লঞ্চঘাটে অনাকাঙ্ক্ষিত লোকজনের উপস্থিতি কমেছে এবং ছোট নৌকা থেকে লঞ্চে ওঠার প্রবণতা নিরুৎসাহিত করা হচ্ছে।
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের ভ্রমণ সংক্রান্ত অভিজ্ঞতা ও সুবিধা অসুবিধার খোঁজ নেন। এ সময় জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।