ভারতে গ্রেপ্তার হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফেরাতে জোর তৎপরতা
ইনকিলাব মঞ্চের নেতা শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার দুই আসামিকে দেশে ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।
রোববার ২২ মার্চ ঢাকা মহানগর পুলিশ মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, মামলাটি বর্তমানে অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অধীনে তদন্তাধীন রয়েছে এবং আসামিদের ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
তিনি বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করে দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে।
একই দিনে মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গের একটি আদালতে হাজির করা হয়। এর আগে গত ৮ মার্চ উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাদের গ্রেপ্তার করে। চার দিনের রিমান্ড শেষে তাদের বিধাননগর মহকুমা আদালতে উপস্থাপন করা হয়।
আদালতে উপস্থিতির সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল করিম মাসুদ নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন এবং ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের পক্ষ থেকে ঈদ-পরবর্তী রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তথ্য তুলে ধরা হয়। জানানো হয়, ঈদের সময় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বর্তমানে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল জোরদার রয়েছে। দিনে প্রায় ৮০টি এবং রাতে ৪০টি টিম দায়িত্ব পালন করছে, পাশাপাশি অতিরিক্ত টিম প্রস্তুত রাখা হয়েছে।
ডিবি প্রধান আরও জানান, বিয়ে বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তা সহায়তা প্রয়োজন হলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার জন্য নাগরিকদের অনুরোধ করা হয়েছে।