ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, দাবি ইরানের স্পিকারের
ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনায় সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
আলজাজিরার খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, অত্যন্ত সুরক্ষিত দিমোনা এলাকায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হওয়া যুদ্ধের নতুন এক পর্যায়ে প্রবেশের ইঙ্গিত দেয়।
তিনি আরও বলেন, ইসরাইলের আকাশ এখন কার্যত প্রতিরক্ষাহীন।
নেগেভ মরুভূমিতে অবস্থিত দিমোনা শহরটি ইসরাইলের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত। এটি দেশটির অঘোষিত পারমাণবিক কর্মসূচির কেন্দ্র হিসেবেও বিবেচিত।
প্রতিবেদনে বলা হয়েছে, সংবেদনশীল এই এলাকায় ২৪ ঘণ্টায় একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান।
বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের হামলা ও পাল্টা বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে।