জিয়া উদ্যানে কবরের ওপর উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে
রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরের ওপর উঠে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন, যা এলাকায় তাৎক্ষণিকভাবে উদ্বেগ সৃষ্টি করে।
শনিবার ২১ মার্চ বিকাল প্রায় ৩টা ৪০ মিনিটে ঘটনাটি ঘটে, ঈদের দিন হওয়ায় সেখানে দর্শনার্থীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক যুবক হঠাৎ করে কবরের ওপর উঠে নিজের সঙ্গে থাকা ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকেন। একপর্যায়ে তিনি নিজের গলায়ও আঘাত করার চেষ্টা করেন।
ঘটনাস্থলে দায়িত্বরত আনসার সদস্য ও পুলিশ দ্রুত এগিয়ে এসে তাকে নিবৃত্ত করে এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে।
দায়িত্বরত উপসহকারী পরিদর্শক কাজী মুস্তাফিজ জানান, যুবকটি উদ্যানে ঘুরতে এসে এ ঘটনা ঘটান এবং নিজ শরীরে আঘাত করেন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ঘটনার পেছনের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।