মা বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন শেষে পরিবারের সদস্যদের নিয়ে মা বাবার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার ২১ মার্চ বেলা প্রায় ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে উপস্থিত হয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
এর আগে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেওয়ার পর তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান, যেখানে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ড. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জায়মা রহমান। তারা আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
পরে পারিবারিক সদস্যদের সঙ্গে কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবনে ফিরে যান।