রাজধানীতে ১৭৭১ স্থানে ঈদ জামাত, নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বলছে ডিএমপি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় ১২১টি ঈদগাহ ও ১৫৯৯টি মসজিদসহ মোট ১৭৭১টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ আয়োজন ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার ১৯ মার্চ জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এ তথ্য জানান।
তিনি বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ণ প্রস্তুত আছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত ও বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ডিএমপি জানায়, জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি অংশ নিতে পারবেন। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে, যার প্রথমটি শুরু হবে সকাল সাতটায়। আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠেও উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে জামাতের আয়োজন রাখা হয়েছে।
এছাড়া সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগের দিন ঢাকায় তিনটি জামাত এবং শিয়া সম্প্রদায়ের জন্য আটটি পৃথক জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ডিএমপি কমিশনার জানান, জাতীয় ঈদগাহ এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। প্রবেশপথগুলোতে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে এবং পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে।
ঈদগাহমুখী প্রধান সড়ক মৎস্য ভবন, প্রেসক্লাব ও শিক্ষা ভবন এলাকায় ব্যারিকেড বসানো হবে এবং সেখানে যানবাহন ও যাত্রীদের তল্লাশি করা হবে। মুসল্লিদের নির্ধারিত গেট দিয়ে প্রবেশ করতে হবে এবং নারীদের জন্য আলাদা প্রবেশপথ রাখা হয়েছে।
ট্রাফিক ব্যবস্থাপনায় জিরো পয়েন্ট, হাইকোর্ট, প্রেসক্লাব ও পল্টন এলাকায় যান চলাচলে পরিবর্তন আনা হবে। মুসল্লিদের নির্দিষ্ট পয়েন্ট থেকে হেঁটে ঈদগাহে যেতে অনুরোধ করা হয়েছে।
ডিএমপি কমিশনার মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিরাপত্তার স্বার্থে তল্লাশিতে সহযোগিতা করতে হবে এবং কোনো ধরনের ব্যাগ বা অননুমোদিত বস্তু সঙ্গে না আনতে অনুরোধ করা হচ্ছে। কোনো সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশ বা ৯৯৯ নম্বরে জানানোর আহ্বানও জানান তিনি।
সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও নিরাপদ ঈদ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেছে ডিএমপি।