শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ৯ ফ্লাইট বাতিল, অস্থিরতায় ফের ব্যাহত আকাশপথ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের তীব্রতায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে আবারও প্রভাব পড়েছে, ফলে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনে একাধিক ফ্লাইট বাতিল হয়েছে।
বুধবার চট্টগ্রামে সারাদিনে মোট ৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইনসের দুবাই থেকে একটি আগমন ফ্লাইট, এয়ার আরাবিয়ার শারজাহ রুটের দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট এবং সালাম এয়ারের মাস্কাট রুটের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট রয়েছে।
এর আগের দিন মঙ্গলবার মধ্যপ্রাচ্যগামী ও আগত কয়েকটি ফ্লাইট সীমিত আকারে চালু থাকলেও পরিস্থিতির অবনতি হওয়ায় তা আবারও ব্যাহত হয়েছে। ওইদিন চারটি আগমন ও তিনটি বহির্গমন ফ্লাইট পরিচালিত হয়েছিল।
বর্তমানে শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইট চলাচল পুনরায় স্থবির হয়ে পড়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১৩৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে।