সৌদির সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে শুক্রবার ঈদ উদযাপন
বৃহস্পতিবার ১৯ মার্চ সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফ কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিনের ধারাবাহিকতায় এ বছরও জেলার প্রায় ৫০টি গ্রামের মুসল্লিরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।
স্থানীয়ভাবে জানা যায়, সুরেশ্বর পাক দরবার শরীফকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি ধর্মীয় অনুসারী গোষ্ঠী প্রায় এক শতাব্দীর বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে রোজা ও ঈদ পালন করে আসছে। এই ধারার অনুসারীরা বিশ্বাস করেন, পৃথিবীর যে কোনো স্থানে চাঁদ দেখা গেলে সেটিই অনুসরণের জন্য যথেষ্ট।
এ বছর শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার সুরেশ্বর, কেদারপুর, চাকধ, চন্ডিপুর এবং দক্ষিণ দারাগড়সহ বিভিন্ন গ্রামের প্রায় ৪০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি শুক্রবার ঈদ উদযাপন করবেন।
সুরেশ্বর দরবার শরীফে প্রতি বছরের মতো এবারও পৃথক মাঠে একই সময়ে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় নির্ধারিত এই জামাতে ইমামতি করবেন পীর সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী এবং মাওলানা মো. জুলহাস উদ্দিন।
দরবার শরীফের অনুসারীরা জানান, পারিবারিক ও প্রজন্মগত ধারাবাহিকতায় তারা এই প্রথা অনুসরণ করে আসছেন এবং ধর্মীয় বিশ্বাস থেকেই তা অব্যাহত রেখেছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং আগত মুসল্লিদের জন্য সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে সকলের প্রতি ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।