আলী লারিজানির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করল ইরান
ইসরাইলের হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি নিহত হয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান। এর আগে একই ঘটনায় বাসিজ বাহিনীর প্রধানের মৃত্যুর খবরও প্রকাশিত হয়েছিল।
মঙ্গলবার ১৭ মার্চ ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের বরাত দিয়ে দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক হামলায় আলি লারিজানির মৃত্যু হয়েছে। এর আগে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী এ বিষয়ে দাবি করলেও তখন ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। পরে রাতের দিকে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের বিবৃতির বরাতে বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানির নিহত হওয়ার তথ্যও প্রকাশিত হয়।
আলি লারিজানি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ২০২৫ সালে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয় এবং একই সঙ্গে তিনি সর্বোচ্চ নেতার প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
এর আগে তিনি দীর্ঘ সময় ইরানের পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন এবং পারমাণবিক আলোচনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজনৈতিক অঙ্গনে তাকে প্রভাবশালী মধ্যপন্থী রক্ষণশীল নেতা হিসেবে বিবেচনা করা হতো।
বিশ্লেষকদের মতে, তার মৃত্যু ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোর ওপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।