ঈদ সামনে, কসমেটিকস ও গহনার দোকানে উপচে পড়া ভিড়
ঈদুল ফিতর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজধানীর বিপণিবিতানগুলোতে বেড়েছে কেনাকাটার চাপ। পোশাক কেনা শেষ করে এখন ক্রেতাদের বড় অংশ ভিড় করছেন কসমেটিকস ও গহনার দোকানগুলোতে।
মঙ্গলবার ১৭ মার্চ সরেজমিনে বিভিন্ন মার্কেটে ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ক্রেতারা জানান, ঈদের সাজ পূর্ণ করতে পোশাকের পাশাপাশি প্রসাধনসামগ্রীর গুরুত্ব বাড়ছে। বিশেষ করে কর্মজীবী ও শিক্ষার্থী নারীদের মধ্যে কালার কসমেটিকস, স্কিন কেয়ার এবং দীর্ঘস্থায়ী মেকআপ পণ্যের চাহিদা বেশি।
গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে অনেকে ম্যাট ফিনিশ ও ওয়াটারপ্রুফ পণ্য বেছে নিচ্ছেন। এর পাশাপাশি চুড়ি, কানের দুল, মেকআপ বক্স, লিপস্টিক ও নেইলপলিশের বিক্রি বেড়েছে।
শুধু নারীরাই নয়, তরুণদের মধ্যেও প্রসাধনী কেনার আগ্রহ দেখা গেছে। তারা পারফিউম, বডি স্প্রে, চুলের জেল, স্কিন কেয়ার পণ্যসহ বিভিন্ন সামগ্রী কিনছেন।
ব্যবসায়ীরা জানান, লিপস্টিক, আইলাইনার, আই শ্যাডো, ব্লাশার, ফাউন্ডেশনসহ বিভিন্ন পণ্যের চাহিদা বেড়েছে। দেশি ও বিদেশি উভয় ব্র্যান্ডের পণ্যই বিক্রি হচ্ছে, তবে বিদেশি ব্র্যান্ডের চাহিদা তুলনামূলক বেশি।
রাজধানীর বিভিন্ন মার্কেটে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনা চলছে। বিক্রেতারা জানান, শেষ সময়ের চাপ সামাল দিতে তাদের ব্যস্ততা বেড়েছে।
ক্রেতারা বলছেন, দাম কিছুটা বেশি হলেও ঈদের আনন্দে প্রয়োজনীয় সাজসজ্জার পণ্য কিনতেই হচ্ছে। এদিকে শিশু-কিশোরী ও তরুণীদের মধ্যে মেহেদির চাহিদাও বেড়েছে, যা ঈদের প্রস্তুতিকে আরও রঙিন করে তুলেছে।