হরমুজ ইস্যুতে ন্যাটো মিত্রদের প্রতি ট্রাম্পের কড়া অবস্থান
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ন্যাটো মিত্রদের প্রতি আবারও অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি সচল রাখতে সহযোগিতা না পাওয়ায় মিত্র দেশগুলোর সমালোচনা করেন তিনি।
মঙ্গলবার ১৭ মার্চ ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।
তিনি বলেন, ইরানে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে সমর্থন না দেওয়া ন্যাটো দেশগুলোর সিদ্ধান্তকে তিনি ভুল মনে করেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ সময়েও মিত্রদের সহযোগিতা না পাওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।
বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হামলার কারণে ওই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলও ঝুঁকির মুখে পড়েছে।
ট্রাম্প আরও উল্লেখ করেন, পশ্চিমা জোটের দেশগুলো সামগ্রিকভাবে সমর্থন দিলেও তারা সরাসরি সংঘাতে জড়াতে অনাগ্রহ দেখাচ্ছে।
তিনি কয়েকজন ইউরোপীয় নেতার ভূমিকাও সমালোচনা করেন এবং বলেন, সংকটকালে মিত্রদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র মিত্রদের নিরাপত্তায় ভূমিকা রাখলেও প্রয়োজনের সময় তারা সমানভাবে পাশে দাঁড়ায় না। এই পরিস্থিতিতে নিজেদের স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।
বিশ্লেষকদের মতে, মিত্রদের সঙ্গে এই ধরনের দূরত্ব আন্তর্জাতিক কূটনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে এবং চলমান সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে।